আইসিটির ভার্চুয়াল ক্লাসে কর্মশালা করলো সিটি ইউনিভার্সিটি

৩০ জুন, ২০২০ ২৩:৫৫  
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টা থেকে ৭ টা পর্যন্ত চলে এই অনলাইন সেমিনার। কর্মশালাটি পরিচালনা করেন আইকিউএসি এডিশনাল ডিরেক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ সাফায়েত হোসেন । এসময় স্বাগত বক্তব্য দেন, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল এর পরিচালক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মুস্তাফিজুর রহমান। সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মো. শাহ-ই -আলম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ সিটি ইউনিভার্সিটির দশটি বিভাগের একশো জন শিক্ষকগণ জুম প্লাটফর্মে অনলাইনে সেমিনারটিতে সংযুক্ত ছিলেন। কর্মশালায় এটুআই-এর পলিসি স্পেশালিস্ট মো. আফজাল হোসেন সারওয়ার ‘ভার্চুয়াল ক্লাস’র ধারণা দিয়ে জানান, অনলাইনে সব একাডেমিক শ্রেণি কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম সহজে এবং কার্যকরী উপায়ে চালানোর লক্ষ্যে এই ভার্চুয়াল ক্লাস প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ ক্লাস বা ট্রেনিং পরিচালনা, এডুকেশনাল কনটেন্ট ম্যানেজমেন্ট, মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট টুলস, মনিটরিং এবং সমন্বয় করার প্রযুক্তি যুক্ত থাকবে। এছাড়াও এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট(এডুকেশন ইনোভেশন) মেহ্দী হাসান ভার্চুয়াল ক্লাসের বিভিন্ন কারিগরি বিষয় ও বৈশিষ্ট্য প্রদর্শন ও ব্যবহারবিধি তুলে ধরেন ও যে কোনো ধরনের লাইভ ক্লাস এবং লাইভ ট্রেনিং সেশন প্রদর্শন করেন । এক্ষেত্রে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য নিজস্ব মুক্তক্লাস কনফারেন্সিং সফটওয়্যারের পাশাপাশি জুম, গুগোল মিট, মাইক্রোসফট টিমস, ওয়েবেক্স ও অন্যান্য যে কোনো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার প্রদর্শন করেন । পাশাপাশি শিক্ষা উপকরণ হিসেবে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া এবং অডিও-ভিজুয়্যাল কনটেন্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্ট (যেমন-পিডিএফ, পাওয়ারপয়েন্ট, ছবি/ডায়াগ্রাম ইত্যাদি) এবং বিভিন্ন ধরনের লিঙ্ক সংযুক্তি আকারে সহজে করে দেখান। এছাড়াও ক্লাস বা ট্রেনিং সেশনে অংশগ্রহণকারীদের দৈনিক হাজিরা, কুইজ, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ইত্যাদি নির্ভরযোগ্য মাধ্যমে সুরক্ষিতভাবে এবং সহজে গ্রহণ করার পদ্ধতি দেখানো হয় । পাশাপাশি শিক্ষার্থী-শিক্ষকের মধ্যে আলোচনা এবং প্রশ্নোত্তরের সুযোগ, সর্বোপরি ক্লাসের হাজিরা এবং কুইজ/পরীক্ষার ফলাফল রিপোর্ট আকারে ডাউনলোড করা এবং সংরক্ষণ করার পদ্ধতি দেখানো হয়। কর্মশালায় আইসিটি বিভাগের ডেভেলপকৃত এই অনলাইন শিক্ষা প্লাটফর্ম ‘ভার্চুয়াল ক্লাস’ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। অনলাইন ওয়েবিনারটি সিটি ইউনিভার্সিটির দশটি বিভাগের শতাধিক শিক্ষকের অংশগ্রহণে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়।